বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

স্থানীয় নির্বাচনে জোট নয়, এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২৯, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের হয়ে নয়, দলীয়ভাবে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, সরকারদলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দলে কয়েক শ মানুষ নিহত ও আহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) রাজবাড়ী পৌর মিলনায়তনে পাঁচ জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনাবিষয়ক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ, স্বৈরাচার, নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সরকারদলীয় অন্তর্কোন্দলে কয়েক শ মানুষ মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ করা হয়েছে। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়। এ জন্য আমরা সংস্কারের প্রস্তাব দেব।’

নাহিদ ইসলাম আরও বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুস্পষ্ট প্রস্তাবনা দেওয়া হবে। ওই প্রস্তাবনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানানো হবে। তবে নির্বাচনে এনসিপি কোনো জোটের অংশ হিসেবে নয়, স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

মাদক সিন্ডিকেটে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ

দেশে মাদক সিন্ডিকেটের বিস্তারের জন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতাকে দায়ী করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদক সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগ মাদক সিন্ডিকেটকে প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলামের দাবি, মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে। তাদের দৌরাত্ম্য বন্ধ করা না গেলে মাদক নির্মূল করা সম্ভব হবে না। রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশও কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও সমালোচনা

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের কোনো সুপারিশই বাস্তবায়ন করা হয়নি বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছে। বর্তমানে দলটির কার্যকর রাজনৈতিক তৎপরতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রতিবেশী দেশ বাংলাদেশকে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করছে। দলটির পরাজয় হলেও তাদের সহযোগীরা এখনো রয়ে গেছে বলে দাবি করেন তিনি।

পাঁচ জেলার নেতাকর্মীদের অংশগ্রহণ

এনসিপির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতাকর্মীরা অংশ নেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

জেলা ও স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নির্ধারণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সর্বশেষ - শিক্ষা

গোপালগঞ্জে ইউএনও’র গাড়ি বহরে হামলা ও ভাঙচুর: উত্তপ্ত পরিস্থিতি

গাজায় বাণিজ্যিক কার্যক্রমে আংশিক ছাড়: ইসরায়েলের ঘোষণা

জামায়াত আমীরের কণ্ঠে প্রবাসীদের ভোটাধিকার ও আগামী নির্বাচন ভাবনা

দুদকের মামলায় আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে মাউশির বিশেষ নির্দেশনা

কালোটাকা সাদা করার সুযোগ: টিআইবি’র তীব্র নিন্দা

ঈদ আনন্দের মধ্যেই বন্যা আতঙ্ক: তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা

বিএনপির হাফ ডজন নেতাকর্মী জামায়াতে যোগদান

আদালত অবমাননা মামলায় হাসিনাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হতে নির্দেশ

একটি দলের কর্মকাণ্ড একাত্তরে দেখেছে দেশবাসী: তারেক রহমান