ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শুক্রবার ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুরিগাও দেল নর্তে প্রদেশের দাপা পৌরসভা থেকে প্রায় ৬৯ কিলোমিটার গভীরে।
প্রাদেশিক উদ্ধারকর্মী রালফ ক্যাডালেনা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তিনি বলেন, “আমরা হঠাৎ একটি শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছি, তবে এটি বেশিক্ষণ স্থায়ী ছিল না।”
উল্লেখ্য, এটি সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহের মধ্যে সংঘটিত তৃতীয় ঘটনা। এর আগে মিন্দানাও দ্বীপের পূর্ব অংশে ৭.৪ ও ৬.৭ মাত্রার দুটি ভূমিকম্পে কমপক্ষে ৮ জন নিহত হয়। এর আগে মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৭৬ জন নিহত এবং ৭২ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।
ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত, যেখানে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ১৯৭৬ সালে মিন্দানাও দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে ৮ মাত্রার ভূমিকম্প ও সুনামি তে ৮ হাজার মানুষ মারা বা নিখোঁজ হন।



















