পরিবহন খাতে দীর্ঘদিনের ‘মাফিয়াতন্ত্র’, চাঁদাবাজি ও আইনবহির্ভূত কর্মকাণ্ড বন্ধে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘আশা করছি, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির মাধ্যমে দেশের পরিবহন খাতে দীর্ঘদিনের আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।’
তিনি বলেন, সড়কে দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে শ্রমিক ফেডারেশনকে সক্রিয় ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পরিবহন খাতে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
নতুন নেতৃত্ব পরিবহন খাতে পরিবর্তন আনতে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন রিজভী। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নেও তারা ভূমিকা রাখবে বলে জানান তিনি।
এ সময় জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


















