রবিবার , ১১ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ছাত্রলীগের সাবেক নেতা রোটনের জানাজায় আসা ব্যক্তিদের মারধরের অভিযোগ

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১১, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া মসজিদের সামনে থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) বিকেলে ধানমন্ডির লেক সার্কাস এলাকার তাকওয়া মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তিদের অভিযোগ, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের মারধর করেছেন।

তাকওয়া মসজিদে রোটনের জানাজা হওয়ার খবর পেয়ে সেখানে জড়ো হন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মী এবং তার শুভাকাঙ্ক্ষীরা। তবে পুলিশের বাধার কারণে রোটনের মরদেহ মসজিদ প্রাঙ্গণে নেওয়া সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

জানাজায় অংশ নিতে আসা মাজহারুল ইসলাম মানিক জানান, বাদ আসর তাকওয়া মসজিদে জানাজার সময় নির্ধারিত ছিল। তবে নামাজের আগেই পুলিশ রোটনের মরদেহ ধানমন্ডি এলাকায় প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি। এ সময় জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা মারধর করেন বলেও দাবি করেন মানিক।

রোটনের মরদেহের সঙ্গে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মো. রবিন জানান, বাদ আসর তাকওয়া মসজিদে জানাজা হওয়ার কথা ছিল। বিকেল পৌনে ৪টার দিকে মরদেহবাহী গাড়িটি সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে পুলিশ ধানমন্ডির দিকে যেতে বাধা দেয়। পরে দীর্ঘক্ষণ অপেক্ষার পর গাড়িটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বলেন, রোটনের মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল। তাদের ধানমন্ডিতে এসে জানাজা পড়ানোর কথা বলা হলেও চট্টগ্রামে যেতে দেরি হওয়ার আশঙ্কায় তারা সেখানে যেতে রাজি হননি।

নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে আটকের বিষয়ে ওসি বলেন, কয়েকজন মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে কোথায় মিছিলের চেষ্টা করা হয়েছিল এবং কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।

উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন শনিবার ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। রোববার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁর মরদেহ দেশে আনা হয়। পরে চট্টগ্রামে গ্রামের বাড়িতে নেওয়ার আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা পড়ানোর পরিকল্পনা ছিল।

সর্বশেষ - শিক্ষা