রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন।
এদিকে, চলতি বছরের নভেম্বরের শেষ দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে আশা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম।
সংস্থাটির মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ জানিয়েছেন, আগামী ২০ নভেম্বর থেকে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরুর সম্ভাবনা রয়েছে।
এর আগে, গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের কাজ শুরু করে রোসাটমের প্রকৌশল বিভাগ। এবার নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হওয়ায় কেন্দ্রটির কার্যক্রমে আরও এক ধাপ অগ্রগতি হলো।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ২০১১ সালে স্বাক্ষরিত আন্তসরকারি চুক্তির আওতায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত এ কেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
কেন্দ্রটির উৎপাদন কার্যক্রম শুরু হলে দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডে নতুন উৎস থেকে বিদ্যুৎ যুক্ত হবে। এতে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহারেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

















