ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে ছড়িয়ে পড়া জেন জি আন্দোলন মূলত বাংলাদেশ থেকেই অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা। বাংলাদেশের শিক্ষার্থীদের সংগ্রামের সঙ্গে ভারতের তরুণদের বর্তমান আন্দোলনের মিল রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা যেভাবে লড়াই করেছেন, ভারতের তরুণেরাও বর্তমানে মোদি সরকারের বিরুদ্ধে একই ধরনের লড়াই চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের সংগ্রামের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান হুমকি এবং সমালোচনামূলক চিন্তাভাবনা স্তব্ধ করে দেওয়ার চেষ্টার সঙ্গে ভারতের শিক্ষাঙ্গনে উগ্রবাদী প্রভাব বিস্তারের গভীর মিল রয়েছে।
দক্ষিণ এশিয়ার তরুণদের সম্মিলিতভাবে উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন এই ছাত্রনেত্রী।
উল্লেখ্য, সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও ভাইরাল হওয়ার পর নাট্যকর্মী ও আন্দোলনকর্মী নেহা বোরা ভারতের জেন জি নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিতি পান। নির্বাচনী সংস্কার ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তিনি।


















