বকেয়া বেতন, মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করা পোশাকশ্রমিকেরা অবস্থান ছেড়ে দিয়েছেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের কয়েকটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আন্দোলনকারীরা আনুমানিক দুপুর ১২টার দিকে সড়ক থেকে অবস্থান প্রত্যাহার করে নেন। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে গন্তব্যে ফেরা যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি এবং বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে তাঁরা আন্দোলনে নামেন।


















