নারায়ণগঞ্জে স্ত্রীকে নিয়ে দুর্গাপূজার মণ্ডপ ও জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ ই ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। পূজামণ্ডপের বৈচিত্র্যময় সাজসজ্জা এবং শিশু-কিশোরীদের নৃত্য পরিবেশনা দেখে মুগ্ধ হন তিনি। এ ছাড়া সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর এবং নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বোস কেবিন ঘুরেও সন্তোষ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।
সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী সফরে স্ত্রী ডি অ্যানি ক্রিস্টেনসেনকে নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন তিনি।
সফরের শুরুতে সকালে সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। পরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে জামদানি পণ্যের কয়েকটি স্টল ঘুরে দেখেন। এরপর নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ বোস কেবিনে যান তিনি। সেখানে স্ত্রীকে নিয়ে চা পান করেন এবং কিছু সময় আড্ডায় কাটান।
পরে শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সফর সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে এবারই প্রথম তিনি দুর্গাপূজা দেখতে এসেছেন। পূজামণ্ডপের বৈচিত্র্যময় সাজসজ্জা ও শিশু-কিশোরীদের নৃত্য পরিবেশনা তাঁকে মুগ্ধ করেছে। পাশাপাশি সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি এবং জাদুঘরে জামদানি পণ্যের স্টল দেখেও তিনি অভিভূত হয়েছেন।
নারায়ণগঞ্জে আতিথেয়তা এবং দুর্গাপূজার উৎসবে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।


















