মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দুর্গাপূজায় উপকূলীয় ১৪৪ মণ্ডপে নিরাপত্তায় ৩৫০০ কোস্ট গার্ড সদস্য

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২০, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোংলাসহ দেশের উপকূলীয় অঞ্চলের ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছেন কোস্ট গার্ডের ৩ হাজার ৫০০ সদস্য। পাশাপাশি প্রতিমা বিসর্জন ঘিরে সম্ভাব্য নৌদুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ডুবুরি দল ও টহল টিম প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশ নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে মোংলাসহ উপকূলীয় অঞ্চলের ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মোংলাসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ও নিরাপত্তা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন।

কোস্ট গার্ড পশ্চিম জোন জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ পশ্চিম জোনের আওতাধীন উপকূলীয় এলাকার ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছেন কোস্ট গার্ড সদস্যরা। পূজার শুরু থেকেই বিশেষ টিম মাঠে সক্রিয় রয়েছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাঁদের প্রধান ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় ও যৌথ কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এর মাধ্যমে পূজামণ্ডপগুলো ঘিরে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিসর্জন ঘিরে বিশেষ সতর্কতা

দুর্গাপূজার শেষ পর্যায়ে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কোস্ট গার্ড। বুধবার নদী ও উপকূলীয় বিসর্জনঘাটগুলোতে সম্ভাব্য নৌদুর্ঘটনা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ডুবুরি দল ও টহল টিম প্রস্তুত থাকবে।

বিসর্জনে অংশ নেওয়া পুণ্যার্থী ও সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচল করার অনুরোধ জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।

জরুরি সেবায় হটলাইন ১৬৭১১

জরুরি পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে তাৎক্ষণিক সহায়তার জন্য কোস্ট গার্ডের ২৪ ঘণ্টার জরুরি সেবা নম্বর ১৬৭১১-এ যোগাযোগ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ফোন পাওয়ার পর কোস্ট গার্ডের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কোস্ট গার্ড পশ্চিম জোন আশা প্রকাশ করেছে, সবার সহযোগিতা, কঠোর নিরাপত্তাব্যবস্থা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

সর্বশেষ - শিক্ষা