বুধবার , ২১ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতে উঠলেন শাওন

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২১, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজার বিদায়ের দিনে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সিঁদুর খেলায় অংশ নিয়েছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে বন্ধুদের সঙ্গে উৎসবে যোগ দিয়ে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তিনি।

এদিন সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। পরে দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ এবং সিঁদুর খেলার আয়োজন করেন ভক্তরা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ।

বন্ধুদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে আসার বিষয়ে শাওন বলেন, “আমরা বন্ধু ঈদে দিন বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।”

সিঁদুর খেলার সময় অংশগ্রহণকারীরা একে অপরের কপালে সিঁদুর ও আবিরের রং ছড়িয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন। তবে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি দেবী দুর্গার বিদায়কে ঘিরে ভক্তদের মনে ছিল বিষাদের ছোঁয়া।

শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার পরিকল্পনা রয়েছে। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়া হবে।

ছয় দিনের উৎসব শেষে সিঁদুর খেলা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। আনন্দ, সম্প্রীতি ও বিদায়ের আবহে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে পালিত হচ্ছে বিজয়া দশমী।

সর্বশেষ - শিক্ষা