বাংলাদেশ ফুটবল লিগে টানা চার ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখেছে ঢাকা আবাহনী। শুক্রবার (২৩ অক্টোবর) গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হেরেছে দলটি। দিনের অন্য ম্যাচে ফকিরেরপুলকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ।
গোপালগঞ্জে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। ২৭ মিনিটে আলী রাজার গোলে লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধে রবিউলের গোলে সমতায় ফেরে আবাহনী। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি।
ম্যাচের ৭৬ মিনিটে গোল করে ব্রাদার্সকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন হাসান। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচে তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যাদের দুজন ব্রাদার্স ইউনিয়নের।
চলতি মৌসুমে পাঁচ ম্যাচ খেলে ব্রাদার্স ইউনিয়নের এটি প্রথম জয়। আগের চার ম্যাচের দুটিতে ড্র এবং দুটিতে হেরেছিল দলটি। এই জয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে রয়েছে ব্রাদার্স। অন্যদিকে, সাত পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ঢাকা আবাহনী।
দিনের অপর ম্যাচে চাঁদপুর স্টেডিয়ামে ফকিরেরপুলকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। জয়ী দলের হয়ে গোল করেন সাজ্জাদ হোসেন, অভিষেক লিম্বু ও ইব্রাহিমা সেনে। ফকিরেরপুলের হয়ে দুটি গোলই করেন সুলিমান দিয়াবাতে।
এই জয়ের ফলে পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ। অন্যদিকে, তিন পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে ফকিরেরপুল।


















