নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দেশে গ্যাস-বিদ্যুতের সংকটে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেট করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত এক নাগরিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আপনি বলেছিলেন, আপনাদের প্ল্যান ছিল। আজকে কোথায় গেল আপনার সেই প্ল্যান?’ গত সাত-আট মাসের পরিস্থিতি তুলে ধরে তিনি দাবি করেন, দেশ পরিচালনায় সরকারের কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে এবং দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।
দেশের অর্থনীতি ও অর্থ পাচার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, মানুষ আশা করেছিল অর্থনীতির লাগাম টেনে ধরা হবে এবং অর্থ পাচারকারীদের বিচারের আওতায় আনা হবে। কিন্তু তাঁর অভিযোগ, পুরোনো অর্থ পাচারকারীদের পরিবর্তে নতুন অর্থ পাচারকারীরা সামনে এসেছে। আগের ব্যক্তিদের কাছ থেকে ভাগ নিয়ে তারা নিজেদের পকেট ভারী করছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের পর দেশে আবারও বৈষম্য শুরু হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের মাধ্যমে দেশ পরিচালনায় বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের অবস্থা হচ্ছে—বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি।’ তাঁর মতে, এই দুই রাজনৈতিক শক্তির কারণে মানুষ নিজেদের অধিকার ফিরে পাচ্ছে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা-ও নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ দলটিকে প্রত্যাখ্যান করেছে। বর্তমানে দলটির নেতাকর্মীরা বিদেশে বসে বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি নির্বাচনে জয়লাভ করেছে। এরপর সারা দেশে মামলা-বাণিজ্য করা হয়েছে এবং মামলার ভয় দেখিয়ে ভোট কেনা হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন নাহিদ।
তিনি আরও বলেন, ‘ফলে আমরা দেখতেছি যে চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।’
বিএনপির দীর্ঘদিনের আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপি যদি এককভাবে আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারত, তাহলে গত ১৬ বছরেই তা সম্ভব হতো। কিন্তু এ সময়ে দলটি রাজপথে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলামের দাবি, ছাত্র-জনতা রাজপথে না নামলে এবং সাধারণ মানুষ আত্মত্যাগ না করলে বিএনপির পক্ষে ক্ষমতায় আসা সম্ভব হতো না। এমনকি তারেক রহমানেরও লন্ডন থেকে বাংলাদেশে ফেরা সম্ভব হতো না বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।


















