শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর পেটব্যথায় অসুস্থ কিশোরীকে কবিরাজি চিকিৎসার জন্য হোসাইন আহম্মেদের কাছে নিয়ে যান তার মা। এ সময় তেল ও পানি আনতে কিশোরীর মাকে বাড়িতে পাঠিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি। পরে কিশোরীর মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত হোসাইন আহম্মেদকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৩ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।


















