সুনামগঞ্জের দিরাই উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরবাড়ির পাশাপাশি কৃষকদের ধান-চাল, বীজধান, সার-কীটনাশক, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারালিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের পল্লী বিদ্যুতের মেইন পিলারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি বসতঘরে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে গ্রামের ১৫ জন কৃষকের বসতবাড়িসহ ঘরে থাকা প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দিরাই পল্লী বিদ্যুৎ অফিসের মেইন লাইন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। এ জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীদের দায়িত্বে অবহেলাকে দায়ী করছেন তাঁরা।
খবর পেয়ে অগ্নিকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর দিরাই উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক জানান, পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সবাই কৃষিজীবী। আগুনে বসতবাড়ি ও কৃষিকাজের প্রয়োজনীয় উপকরণ হারিয়ে তাঁরা এখন বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন।


















