বুধবার , ২ জুলাই ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগের পরিচালক এবং ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

নতুন রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর অচিরেই বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন এবং এর মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক কূটনৈতিক দায়িত্ব শুরু হবে।

উল্লেখ্য, পূর্ববর্তী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান চলতি বছরের এপ্রিল মাসে তার মেয়াদকাল শেষে ঢাকা ত্যাগ করার পর এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল। ড. আব্দুল্লাহ জাফর একজন প্রথিতযশা কূটনীতিক, যিনি রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং চীন ও কোরিয়া সম্পর্ক বিষয়ে তার বিশেষ দক্ষতা আন্তর্জাতিক মহলে সুপরিচিত।

তার কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রাজিলের ব্রাসিলিয়ায় এবং ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের হাউস্টনে সৌদি কনসালেটের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০১৩ সালে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকা ডেস্কের পরিচালকের পদ গ্রহণ করেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ডেপুটি হেড অব মিশন হিসেবে কাজ করেন। এছাড়াও, জেনেভা ও সর্বশেষ চীনের গুয়াংজু শহরে কনসাল জেনারেল হিসেবে তার সফল কর্মজীবনের সাক্ষর রেখেছেন।

সর্বশেষ - জাতীয়