শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

কানাডার ৬ বিমানবন্দরে বোমা আতঙ্ক: ফ্লাইট বিঘ্নিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৪, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ণ

কানাডার রাজধানী ওটাওয়াসহ দেশটির ছয়টি প্রধান বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এই ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয় এবং বেশ কিছু ফ্লাইট বিলম্বিত হয়, যা বিমানবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।

ওটাওয়া পুলিশ জানিয়েছে, রাজধানীর বিমানবন্দরে একটি “নিরাপত্তা সংক্রান্ত ঘটনা” তদন্ত করা হচ্ছে। বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে, বহু ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বা তারও বেশি সময় দেরিতে চলছে।

কানাডার বিমান চলাচল কর্তৃপক্ষ এনএভি কানাডা জানায়, বৃহস্পতিবার ভোরে ওটাওয়া, মনট্রিয়ল, এডমন্টন, উইনিপেগ, ক্যালগারি এবং ভ্যাঙ্কুভার—এই ছয়টি শহরের বিমানবন্দরগুলোতে বোমা হামলার হুমকি আসে। তাৎক্ষণিকভাবে সাময়িক ‘গ্রাউন্ড স্টপ’ জারি করা হয়, তবে হুমকির সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর কর্মীরা নিরাপদ ছিলেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) মনট্রিয়ল ও ওটাওয়ার বিমানবন্দরে স্বল্প সময়ের জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ রাখলেও, নিউইয়র্ক সময় সকাল ৭টা ৪০টার দিকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

মনট্রিয়ল-ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, সকালে হুমকির কারণে সামান্য প্রভাব পড়লেও, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং কার্যক্রম পুরোদমে চালু রয়েছে। ক্যালগারি বিমানবন্দরের একজন মুখপাত্রও জানিয়েছেন, সেখানে “নিয়মিত কার্যক্রমে খুব সামান্যই প্রভাব পড়েছে।”


সর্বশেষ - জাতীয়