শনিবার , ২ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জামায়াত আমির হার্টের জটিলতায় হাসপাতালে ভর্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হার্টের জটিলতা দেখা দেওয়ায় শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়েছে, যার মধ্যে কয়েকটি আশঙ্কাজনক।

জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ—সেক্রেটারি জেনারেল ও নায়েবে আমিরসহ শীর্ষ পর্যায়ের অনেকেই হাসপাতালে তার পাশে রয়েছেন। সূত্র জানায়, সম্প্রতি দলের একটি জাতীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরীক্ষার মাধ্যমে হৃদরোগের বিষয়টি নিশ্চিত হয়।

দলের পক্ষ থেকে দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন কেউ হাসপাতালের আশপাশে ভিড় না করেন এবং চিকিৎসা কার্যক্রম যেন নির্বিঘ্নে পরিচালিত হতে পারে। একইসঙ্গে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের রপ্তানিপণ্যে শুল্কহার হ্রাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এই সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, “বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ট্যারিফ হার ২৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতার ফলেই এটা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, ভবিষ্যতেও দেশের নেতৃত্ব এমন আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে সাহসী ও কৌশলী ভূমিকা পালন করবে। বিশ্ব মঞ্চে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হোক—এটাই প্রত্যাশা।”

সর্বশেষ - জাতীয়