সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে মোট ২২,২২২ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৩,৫৫১ জন আবাসন আইন, ৪,৬৬৫ জন সীমান্ত আইন এবং ৪,০০৬ জন শ্রম আইন ভঙ্গ করেছেন।
আটকদের মধ্যে প্রায় ২০ হাজারকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে দেশে ফেরতের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে। ইতোমধ্যে ১২,৯২০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ধরা পড়েছেন ১,৭৮৬ জন।
এ সময়ে লঙ্ঘনকারীদের সহযোগিতা করায় সৌদিতে বসবাসরত আরও ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ২৫,৯২১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান, যাদের মধ্যে ২৩,৪১৯ জন পুরুষ ও ২,৫০২ জন নারী।
সূত্র: গালফ নিউজ



















