বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বিদেশে থাকা করদাতাদের জন্য সহজ হলো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৫ ৫:১৯ পূর্বাহ্ণ

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের আয়কর রিটার্ন দাখিল সহজ করতে মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

তবে বিদেশে থাকা অনেক করদাতা অনলাইনে রিটার্ন দিতে চাইলেও মোবাইল ওটিপি না পাওয়ায় সমস্যায় পড়ছিলেন। এই সমস্যা সমাধানে এখন তাদের ই-মেইলে ওটিপি পাঠানো হবে। এজন্য পাসপোর্ট নম্বর, এনআইডি, ভিসা কপি, ই-মেইল অ্যাড্রেস ও ছবি পাঠিয়ে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন করতে হবে। এরপর আবেদনকারীর ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হবে।

এই লিংকের মাধ্যমে বিদেশে থাকা করদাতারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এনবিআর জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

সব করদাতাকে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাখিল করার অনুরোধ জানিয়েছে এনবিআর।

সর্বশেষ - জাতীয়