শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

এবার জামায়াতের সঙ্গে জোটে সম্মতি দিয়ে নাহিদকে ১৭০ নেতার চিঠি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোটে যাওয়া বা আসন সমঝোতায় সম্মতি জানিয়ে এবার দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় ১৭০ নেতা। জোটে আপত্তি জানিয়ে ৩০ এনসিপি নেতার চিঠির পর এই নেতারা সম্মতি জানিয়ে চিঠি দিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে নিজেদের সম্মতি, নির্বাচনকে সামনে রেখে বাস্তবতার আলোকে এমন সিদ্ধান্ত নেয়ার কথা তুলে ধরা হয় চিঠিতে।

এরআগে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানিয়েছেন, ‘ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল (রোববার) ঘোষণা দেওয়া হবে।’

এনসিপি আহ্বায়ককে দেয়া চিঠিতে নেতারা বলেন, আমরা নিম্নস্বাক্ষরকারীগণ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ হিসেবে দলীয় আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকে সমুন্নত রাখার স্বার্থে এই মতামত পেশ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা এবং একটি জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।

নেতারা বলেন, সে প্রেক্ষিতে, দলীয় স্বার্থ, জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে, সে বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন ও সম্মতি রয়েছে। নির্বাহী কাউন্সিলের সুপারিশের আলোকে আহ্বায়ক ও সদস্য সচিব কর্তৃক গৃহীত যেকোনো জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতি আমাদের সুস্পষ্ট সমর্থন ও আস্থা রয়েছে।

সর্বশেষ - জাতীয়