ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ। ভোর থেকেই জেলা ও নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকায় জনসমাগম আরও বৃদ্ধি পায়। সব মিছিলের গন্তব্য ছিল আলিয়া মাদ্রাসা মাঠ।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
জনসভা ঘিরে এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


















