জাপানের পূর্ব উপকূলে শুক্রবার ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। খবর আনাদোলু এজেন্সির।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হনশু দ্বীপের ইওয়াতে প্রদেশের ওফুনাতো শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।
স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে কম্পনটি অনুভূত হয়। এরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন বাসিন্দারা।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সুনামি সতর্কতাও জারি করা হয়নি। জাপানি কর্মকর্তারা জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।


















