ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে একটি গণমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটির অবতরণের জন্য রানওয়ে ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ রাখার কথা জানানো হয়েছিল।
জানা গেছে, ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত বিজি-৪৩৬ ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। দুপুর আড়াইটায় ফ্লাইটটির ঢাকায় অবতরণের কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি উড়োজাহাজটি। পরে ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে অবতরণ করে।
বিমানে কতজন যাত্রী ছিলেন, তা প্রাথমিকভাবে জানায়নি বিমান কর্তৃপক্ষ। তবে সংস্থাটি জানিয়েছে, সব যাত্রী, পাইলট ও ক্রু নিরাপদে অবতরণ করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তরের এক বার্তায় বলা হয়, কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি-৪৩৬ ফ্লাইটটি শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদে পৌঁছেছেন।
এদিকে, একটি সূত্রের দাবি, উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

















