আওয়ামী লীগের সন্ত্রাসী-চাঁদাবাজদের বিএনপি ব্যবহার করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে। তাঁর দাবি, চাঁদাবাজি ও স্বৈরাচারী প্রবণতা একাকার হয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করে এনসিপির শরীয়তপুর জেলা শাখা।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি নির্বাচনে জয়লাভ করেছে। এরপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-বাণিজ্য করা হয়েছে এবং মামলার ভয় দেখিয়ে ভোট কেনা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের মাধ্যমে দেশ পরিচালনায় বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। তাঁর ভাষায়, ‘আমাদের অবস্থা হচ্ছে বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি।’ এই দুই দলের কারণে মানুষ নিজেদের অধিকার ফিরে পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি যদি এককভাবে আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারত, তাহলে বিগত ১৬ বছরেই তা সম্ভব হতো। তাঁর দাবি, ছাত্র-জনতার আন্দোলন ও সাধারণ মানুষের আত্মত্যাগ ছাড়া তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হতো না।
ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, অতীতের স্বৈরাচারী সরকারের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। দুই-তৃতীয়াংশ আসন পেয়ে দেশকে নিজেদের সম্পত্তি মনে করলে আওয়ামী লীগের পরিণতির দিকে তাকানোর আহ্বান জানান তিনি।
নাগরিক সভায় সভাপতিত্ব করেন এনসিপির শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ তালুকদার।
সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সদস্য ইমরান হোসেন।
এ সময় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরসহ এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


















