শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

‘গুপ্ত রাজনীতি করে বারুদ কণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৬, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ

গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগের রাজনীতি করে ‘বারুদ বজ্র কণ্ঠ’ অর্জন করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, বিরোধী রাজনৈতিক চরিত্রের বক্তব্যে তেজস্বী ভাব থাকতে হয়। তাঁর দাবি, জামায়াত-শিবির ও এনসিপি মিলিয়েও এমন কোনো নেতা নেই, যাঁর কণ্ঠ জনতার মধ্যে শিহরণ ও উদ্দীপনা সৃষ্টি করতে পারে।

রাশেদ খাঁন লেখেন, জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে একজন নেতার মধ্যে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। তাঁর ভাষ্য, ‘গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা যায় না।’

পোস্টে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যের প্রশংসা করে রাশেদ খাঁন বলেন, বিরোধী রাজনীতিতে নুরের কণ্ঠে যে তেজ ছিল, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। তবে জামায়াত-এনসিপির সমালোচনা করতে গিয়ে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন আরও লেখেন, ‘ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে।’

নুরুল হক নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে তাঁকে কাছ থেকে চেনেন উল্লেখ করে রাশেদ খাঁন পোস্টের শেষে লেখেন, ‘ভিপি নুর মানেই একটা বারুদ।’

সর্বশেষ - শিক্ষা