শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২৩, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুস্থ জাতি গঠন এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করতে খেলার মাঠ ও খেলাধুলার প্রসার জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

রাষ্ট্রপতি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস শেখায়। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সুস্থ জাতি গঠনে খেলাধুলার চর্চা বাড়াতে হবে।

অ্যাথলেটিকসকে ক্রীড়ার জননী উল্লেখ করে তিনি বলেন, এ খেলায় ক্রীড়াবিদদের গতি, শক্তি, ক্ষিপ্রতা, শৃঙ্খলা ও সহনশীলতার প্রকৃত পরীক্ষা হয়। অ্যাথলেটিকসের ভিত্তি শক্তিশালী হলে অন্যান্য খেলাতেও দেশের সক্ষমতা বাড়বে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খেলাধুলা জাতীয় গৌরব ও ঐক্যের প্রতীক। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা ওড়ানো এবং বিজয়মঞ্চে জাতীয় সংগীত বাজানো পুরো জাতির জন্য গর্বের বিষয়। সে সময় সবার একটাই পরিচয়—আমরা বাংলাদেশি।

দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তৃণমূল পর্যায় থেকে সব ধরনের খেলাধুলাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতি আরও জানান, খেলাধুলার প্রসার, সুস্থ জাতি গঠন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ কর্মসূচি এবং জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা। প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

অবৈধভাবে দখল করা খেলার মাঠ দখলমুক্ত করে সংরক্ষণ এবং নতুন মাঠ চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আর্থিক সংকটের কারণে যেন কোনো প্রতিভা হারিয়ে না যায়, সে জন্য স্কুল, কলেজ এবং জেলা-উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এ সময় আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে সরকারের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও ব্যবসায়ী সমাজকে দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা থেকে উঠে আসা প্রতিভাবান অ্যাথলেটরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বাড়াবেন।

দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি প্রতিযোগিতাটি উৎসর্গ করা হয়েছে উল্লেখ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন।

এর আগে প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৭টি দলের মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। পরিবেশন করা হয় প্রতিযোগিতার থিম সং। সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ ও সুমিতা রানী দাস প্রতিযোগিতার মশাল প্রজ্বালন করেন।

উদ্বোধন শেষে রাষ্ট্রপতি নারী ও পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পদক তুলে দেন। বিকেল ৪টার দিকে জাতীয় স্টেডিয়ামে পৌঁছালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে স্বাগত জানান।

সর্বশেষ - শিক্ষা

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় আমিরাতের তীব্র নিন্দা

লন্ডনে প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনিশ্চিত

দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মৎস্য ভবনের সামনে অবরোধ

গ্রেফতারের পর ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানানো বাধ্যতামূলক: উপদেষ্টা পরিষদ

নেপালে বিক্ষোভ, মন্ত্রী-নেতাদের বাড়িতে হামলা

বহিষ্কৃত ছাত্রলীগ সদস্যদের বাদ দিয়ে ডাকসু নির্বাচন

ঢালিউডে শাকিব খানের নায়িকা তানজিন তিশা

জবি শিক্ষার্থীদের অনশন অব্যাহত, প্রশাসনের পদত্যাগের দাবি