ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত ও নিরাপত্তা উদ্বেগের কারণে অস্ট্রেলিয়া তাদের রাজধানী তেহরানে অবস্থিত দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে ইরানে নিযুক্ত দেশটির সব কূটনৈতিক কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২০ জুন, ২০২৫) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেছেন, “ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত অঞ্চলেই অবস্থান করবেন, যাতে সংকটময় পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত গ্রহণ এবং সহায়তা কার্যক্রমে ভূমিকা রাখতে পারেন।”
শুধু কূটনৈতিক কর্মী নন, ইরানে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিকদের প্রতিও বিশেষ নজর দিচ্ছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যেসব অস্ট্রেলিয়ান নাগরিক ইরান ত্যাগ করতে চান, তাদের সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর। এছাড়া আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হচ্ছে।”
এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ কনস্যুলার সহায়তার অংশ হিসেবে আজারবাইজান সীমান্তে কর্মী মোতায়েন করেছে। এর লক্ষ্য হলো, ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফিরতে আগ্রহী নাগরিকরা যাতে যাত্রাপথে কোনো জটিলতার সম্মুখীন না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গত শুক্রবার (১৪ জুন, ২০২৫) ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালালে, পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতা দেখা যাচ্ছে, যার প্রভাব পড়ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে।



















