শনিবার , ২১ জুন ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২১, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন যে, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে, এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (এসপিআইইএফ) মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এই হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা দেখা যাচ্ছে এবং তারা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। তিনি জোর দিয়ে বলেন, সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত।

পুতিন ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এই সামরিক জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে, যা পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ।

এছাড়াও, পুতিন দাবি করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে, ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে পুতিন বলেন, “ইসরায়েল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে।”

এর আগে রুশ প্রেসসচিব দিমিত্রি পেসকভ স্কাই নিউজকে বলেছিলেন যে, যারা ইরানে সরকার পরিবর্তনের কথা বলছে, তাদের মনে রাখা উচিত যে এটি শুধু অগ্রহণযোগ্য নয়, বরং এতে দেশটিতে চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে। তিনি হুঁশিয়ার করে বলেন, যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে, তারা যেন মনে রাখে—তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে। সূত্র: আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ।

সর্বশেষ - জাতীয়