বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

প্রতারণা-দখলবাজির অভিযোগে তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ণ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে প্রতারণা, নির্যাতন ও জবরদখলের নানা অভিযোগ প্রকাশ করেছে অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম এডিশন। প্রতিবেদনে শুধু তৌহিদের বিতর্কিত কর্মকাণ্ডই নয়, বরং নাসির উদ্দিন সাথীর উত্থান ও অভিযোগে ঘেরা অতীতও তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাথীর আর্থিক উন্নতির পেছনে রয়েছে প্রতারণা ও প্রভাব খাটানোর নানা কৌশল। একসময় সীমিত আয়ের মানুষ হিসেবে ঢাকায় আসা সাথী, পরবর্তীতে জমি দখল ও অনিয়মের মাধ্যমে নিজেকে বিত্তশালী হিসেবে প্রতিষ্ঠা করেন। তাঁর ক্ষমতায় ওঠার মূল হাতিয়ার ছিল মাই টিভি

মাই টিভির প্রকৃত প্রতিষ্ঠাতা বিলকিস বেগম অভিযোগ করেন, আস্থার সম্পর্ককে ব্যবহার করে সাথী ধীরে ধীরে টিভি চ্যানেলটি দখল করে নেন। তিনি দাবি করেন, “নাসিরউদ্দিন একসময় আমার প্রতিষ্ঠানে কর্মচারী ছিলেন। সময়ের সাথে প্রতারণার মাধ্যমে নিজেকে মালিক সাজিয়ে তুলেছেন। আজও আমাকে ভয়ভীতি দেখানো হয়।”

এছাড়া স্থানীয়ভাবে বিভিন্ন ব্যক্তি ও পরিবারের বাড়িঘর দখল করে টিভি স্টেশনের নামে ব্যবহার করার অভিযোগও প্রতিবেদনে উঠে এসেছে। ভুক্তভোগী আইনজীবী কিবরিয়া জানান, তাঁর নিজস্ব জায়গাও সাথী জোরপূর্বক দখল করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রশাসনের সামনেই এসব অবৈধ দখলদারিত্ব চললেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। এমনকি সাংবাদিকরা মাই টিভির দখল করা ভবনে অনুসন্ধান চালাতে গেলে, সাথীর সহযোগীরা তাদের ভয়ভীতি প্রদর্শন ও আটকে রাখার চেষ্টা করেছে।

সর্বশেষ - জাতীয়