নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন শতাধিক যুবক। ‘চকবাজার স্টাফ সমিতি সংগঠন’-এর ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তারা স্লোগান দেন—“দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই।”
বিক্ষোভকারীরা বলেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও আশপাশের জেলা নিয়ে নতুন ‘নোয়াখালী বিভাগ’ গঠন এখন সময়ের দাবি। স্থানীয় উন্নয়ন ও প্রশাসনিক সেবায় বৈষম্য কাটাতে এ পদক্ষেপ জরুরি বলে তারা উল্লেখ করেন।
অন্যদিকে, প্রবাসী নোয়াখালীবাসীরাও এই দাবিতে সোচ্চার। ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি’।
এদিকে সরকার যখন ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে, তখন নোয়াখালী বিভাগ গঠনের দাবিও নতুন করে জোরালো হয়ে উঠেছে।



















