শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

পাক হামলায় ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে গেল আফগানিস্তান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৫ ১:৪৯ পূর্বাহ্ণ

নিজেদের স্থানীয় ক্রিকেটারদের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে এই ঘোষণা দেয় তারা।

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এই ত্রিদেশীয় সিরিজের। তবে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় সিরিজে না খেলার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।

এসিবি জানিয়েছে, নিহত ক্রিকেটাররা প্রদেশের রাজধানী শারানায় এক ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেরার পথে হামলায় প্রাণ হারান। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, “তাদের মৃত্যু আমাদের ক্রীড়া পরিবার ও সম্প্রদায়ের জন্য গভীর ক্ষতি। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করছি।”

এটি হতে পারত আফগানিস্তানের প্রথম পাকিস্তান সফর, কিন্তু দুই দেশের সীমান্ত উত্তেজনা ও সাম্প্রতিক সংঘর্ষে তা বাতিল হলো।

গত দুই সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। সীমান্তে সংঘর্ষ এবং আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছে। তবে এ বিষয়ে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সর্বশেষ - জাতীয়