বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

অন্তর্বর্তী সরকারের জন্য ‘এক্সিট পলিসি’ ভাবার সময় এসেছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এখন সময় এসেছে অন্তর্বর্তী সরকারের জন্য একটি নির্দিষ্ট ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করার। তিনি প্রশ্ন রাখেন, বর্তমান সরকার যেসব সিদ্ধান্ত ও কার্যক্রম বাস্তবায়ন করেছে, তার সবকিছুই ভবিষ্যতের সরকার বৈধতা দেবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, “বাংলাদেশের ইতিহাস থেকে আমরা কী কী শিখতে পারি, বিশেষ করে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা থেকে, তা তুলে ধরতে চাই। আমি ব্যক্তিগতভাবে সেই সময়ের অনেক ঘটনাই খুব কাছ থেকে দেখেছি। সেই অভিজ্ঞতার আলোকে কয়েকটি দিক সামনে আনতে চাই।”

তিনি বলেন, “বাংলাদেশে অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন কেন তৈরি হয়েছিল, তা বুঝতে ইতিহাসের দিকে তাকাতে হবে। সাধারণত রাজনৈতিক অস্থিরতা, দুর্বল নির্বাচন কমিশন, প্রশাসনিক কাঠামোর দুর্বলতা এবং সাংবিধানিক ক্ষমতা হস্তান্তরের ব্যর্থতা—এসব কারণেই রাষ্ট্র ব্যবস্থায় সংকট দেখা দেয়।”

ড. দেবপ্রিয় উদাহরণ দিয়ে বলেন, “১৯৯০ সালে এরশাদ সরকারের শেষ সময়ে রাষ্ট্রীয় অচলাবস্থা তৈরি হয়েছিল। তখনই আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের অংশীদার হই। সেই অভিজ্ঞতা থেকেই বোঝা যায়, যখন সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ব্যর্থ হয়, তখন রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে এবং জরুরি অবস্থার প্রয়োজন দেখা দেয়।”

সর্বশেষ - জাতীয়