রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠতলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চকবাজারে সাততলা ভবনের ষষ্ঠতলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। আগুনের কারণে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


















