ভারতের অরাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির পতাকা উত্তোলনের কর্মসূচি ঘিরে রাজধানী নয়াদিল্লিতে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। তবে কর্মসূচিতে লোকজনের সমাগম ঠেকাতে পার্কটি শুক্র ও শনিবারের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনিক কারণ দেখিয়ে সেন্ট্রাল পার্কে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
গত ১২ অক্টোবর ককরোচ জনতা পার্টির দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস দিল্লির যন্তরমন্তরে পতাকা নিয়ে গেলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। ওই গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি ঘিরে অভিজিৎ দীপের দিল্লির বাসায় যায় পুলিশ। এ সময় তাঁকে জানানো হয়, দিল্লিতে তিনি কোনো জনসমাগম করতে পারবেন না। জবাবে অভিজিৎ প্রশ্ন করেন, জাতীয় পতাকা উত্তোলন করা কোনো অপরাধ কি না।
পুলিশের এক কর্মকর্তা তাঁকে জানান, পতাকা উত্তোলন অবৈধ নয়। তবে এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া আন্দোলন করা অবৈধ বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন ভারতের একদল তরুণ। তবে ট্রেন, মেট্রোরেলসহ বিভিন্ন পরিবহন চলাচলে বাধা এবং দিল্লিতে অঘোষিত লকডাউনের মতো পরিস্থিতি তৈরি করে তাঁদের সেখানে যেতে দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আলজাজিরা, এনডিটিভি


















