ময়মনসিংহের ভালুকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে বিএনপি সরকারের প্রতি হতাশা জানানোর পর সাথী আক্তার নামে এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে উত্তেজনা তৈরি হয়। রোববার রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সাথী আক্তার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার ‘সাথী মেকওভার’ নামের একটি বিউটি পারলারের মালিক। রোববার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিওতে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় আর্থিক ক্ষতির কথা তুলে ধরেন। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে সাথী আক্তার জানান, প্রায় ১৪ বছর ধরে তিনি ব্যবসা করছেন। তবে চলতি বছর একের পর এক চুরির ঘটনায় তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত মাসে তাঁর একটি দোকান থেকে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তার চুরি হয়। রোববার এসে তিনি দেখতে পান, তাঁর দুটি শোরুমের বৈদ্যুতিক তার এবং একটি শোরুমের এসির তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আশপাশের আরও কয়েকটি দোকানেও তার চুরির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার বিচার দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে আটটার দিকে পুলিশ সাথী আক্তারকে হেফাজতে নেয়।
ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, বিএনপিকে নিয়ে কটূক্তি করায় স্থানীয় দলীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছিলেন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দেড় থেকে দুই শ লোক জড়ো হয়েছিলেন। পরিস্থিতি নিয়


















