ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন ৩২৩-২৩-এর উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ২৬ অক্টোবর। আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ ঘটনার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
পরে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। ওই শূন্য আসনেই এখন উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।


















