ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ ছেড়ে সড়কে নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পাঁচটি বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। সকালে এসব প্রতিষ্ঠানের শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর কয়েকটি কারখানার শ্রমিক কাজ বন্ধ করে সড়কে নেমে অবরোধের চেষ্টা করলে শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা পুলিশ তাঁদের বাধা দেয়। যান চলাচল স্বাভাবিক রাখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। ফলে সড়কে অবরোধ গড়ে তুলতে পারেননি তাঁরা।
ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। শ্রমিকেরা যাতে সড়কে নেমে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারেন, সে জন্য বিভিন্ন স্থানে তাঁদের জড়ো হতে দেওয়া হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।


















