গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০ জন মারা গেলেন।
একই সময়ে, সারাদেশে ১৫৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯ হাজার ২২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শুক্রবার (২৭ জুন, ২০২৫) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী সবচেয়ে বেশি বরিশালে। এ জেলায় নতুন করে ১০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২১ জন, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।



















