রাজধানীর মগবাজারে হঠাৎ অসুস্থ হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা হলো- আকরিদা চৌধুরী (১০) ও তার ভাই চৌদ্দ মাস বয়সি ইলহাস চৌধুরী। গত শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমানোর পর প্রথমে অসুস্থ হয়ে পড়ে আকরিদা। এরপর অসুস্থ হয়ে পড়ে ইলহাস।
অসুস্থ হওয়ার পর তাদের পৃথক দুটি হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। একই খাবার খেয়ে শিশু দুটির বাবা-মাও অসুস্থ হওয়ায় ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ায় মারা গেছে শিশু দুটি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত শেষে গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
হাতিরঝিল থানার এসআই মো. সুমন মিয়া জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্রবার রাতে দুই শিশু সন্তানসহ তাদের বাবা মা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে দুই শিশু মারা গেছে। তবে ওই খাবার তারা বাসায় রান্না করেছিল নাকি বাইরে থেকে কিনে এনেছিল তা এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।



















