শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

মিথ্যা মামলা ও মব সন্ত্রাস অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা: আসিফ নজরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৫ ৩:০৬ পূর্বাহ্ণ

মিথ্যা মামলা এবং জনরোষে আইন হাতে তুলে নেওয়ার ঘটনাকে অন্তর্বর্তী সরকারের সময়ের অন্যতম দুঃখজনক ও দুর্ভাগ্যজনক অধ্যায় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তবে এ ধরনের মামলা থেকে নিরপরাধ ব্যক্তিদের রক্ষায় ফৌজদারি কার্যবিধিতে সংশোধন আনা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক বছরের আইনি অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি বহুবার বলেছি, সরকার আমলে সবচেয়ে লজ্জাজনক দুটি বিষয় হচ্ছে— হয়রানিমূলক মিথ্যা মামলা এবং জনতার হাতে আইন তুলে নেওয়া, যাকে আমি মব সন্ত্রাস বলি। এগুলো আমাদের ব্যথিত করে।”

আইন উপদেষ্টা জানান, ফৌজদারি কার্যবিধিতে সাম্প্রতিক সংশোধনের ফলে এখন আদালত চাইলে পুলিশের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন। এতে করে মিথ্যা মামলায় অভিযুক্তদের দ্রুত রেহাই পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, ইতিমধ্যে ১৫ হাজারের বেশি মিথ্যা মামলা পর্যালোচনার মাধ্যমে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪০৮টি ‘স্পিচ অফেন্স’ মামলাও, যেগুলো সাইবার আইন সংশ্লিষ্ট। এছাড়া জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ও জনতার বিরুদ্ধে করা ৭৫২টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

এসময় তিনি আইন মন্ত্রণালয়ের বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ এর সংশোধন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধির হালনাগাদ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন, বিবাহ নিবন্ধন এবং পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত বিধিমালায় সংশোধন এবং বিচার বিভাগে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের পদায়ন সম্পর্কিত নতুন বিধিমালা প্রণয়ন।

এক প্রশ্নের জবাবে নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “নির্বাচনের তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে। অপেক্ষা করুন।”

সর্বশেষ - জাতীয়