বুধবার , ৯ জুলাই ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, কৃষিতে ব্যাপক ক্ষতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৯, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ

গত এক সপ্তাহের অবিরাম বর্ষণে সাতক্ষীরা জেলার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের পাশাপাশি সদর, তালা, কলারোয়া, দেবহাটা ও আশাশুনি উপজেলার বিশাল এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন অচল হয়ে পড়েছে। আমন বীজতলা, আউশ ধান এবং সবজি ক্ষেত সম্পূর্ণরূপে তলিয়ে গেছে, ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের। তবে, মৎস্য ও কৃষি বিভাগ এখনো ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করতে পারেনি।

অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলমগ্ন হয়ে আছে সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ নিম্ন এলাকা। দোকানপাট, বসতবাড়ি, রান্নাঘর, আঙিনা ও রাস্তাঘাট ডুবে যাওয়ায় পানিনিষ্কাশন ব্যাহত হচ্ছে। টিউবওয়েলগুলো তলিয়ে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে এবং স্যানিটেশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগে ফেলেছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানিয়েছেন, গত এক সপ্তাহে জেলায় মোট ২৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শুধু গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


পৌরসভার ১৫টি এলাকা জলমগ্ন, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডে ভয়াবহ পরিস্থিতি

অতিবৃষ্টির কারণে সাতক্ষীরা পৌরসভার অন্তত ১৫টি এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। পানিনিষ্কাশনের অভাবে মধুমল্লারডাংগি, কামাননগর, পুলিশ লাইন, সবুজবাগ, সার্কিট হাউজ এলাকা, রসুলপুর, রথখোলা, রাজার বাগান, বদ্দিপুর কলোনি ও পার মাসখোলা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। এর মধ্যে ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ, যেখানে বসতবাড়িতে কোমর বা হাঁটু সমান পানি জমে আছে।

পৌরসভার দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রায় ২০০ থেকে ২৫০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে। ঘরে পানি ঢুকে যাওয়ায় রান্না ও দৈনন্দিন কাজে পৌরবাসী সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। টিউবওয়েলগুলো পানির নিচে থাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পৌরবাসী সাতক্ষীরা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমদ, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এবং পৌরসভার প্রশাসক মাশরুবা ফেরদৌসের কাছে দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

মধুমল্লারডাংগির অনেক বাসিন্দা সুপেয় পানির অভাব, সাপের ভয় এবং রান্না ও স্যানিটেশন ব্যবস্থার সমস্যার কারণে আসবাবপত্র নিয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।


খাল খনন ও স্লুইস গেট খোলার উদ্যোগ

পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা বিলপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম খোকা অভিযোগ করেন, ইটাগাছার বিলে অপরিকল্পিত মৎস্য ঘেরের কারণে পানি খাল দিয়ে নদীতে যেতে পারছে না। বাইপাস স্লুইস গেটের মুখও বন্ধ হয়ে গেছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ জানিয়েছেন, গত বছরের মতো এ বছরও অতিবৃষ্টির কারণে সাতক্ষীরায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিনিষ্কাশনের জন্য গত বৃহস্পতিবার ইটাগাছা বিলে ঘের মালিকদের তিন দিনের মধ্যে অবৈধ নেটপাটা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরা খালগুলো খনন করা হয়েছে এবং শহরের প্রাণ সাহেরের খাল, বেদনা নদী ও কুঞ্জুর স্লুইচগেট খুলে দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে দুপুরের মধ্যে জলাবদ্ধ এলাকার পানি প্রাণ সায়েরের খাল দিয়ে বেদনা নদীতে প্রবাহিত হয়ে নিষ্কাশিত হবে এবং এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


কৃষিখাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন জানিয়েছেন, এক সপ্তাহের টানা বৃষ্টিতে আমন বীজতলা, আউশ ধান এবং বিভিন্ন সবজি ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন বীজতলা, বরবটি, শিম, শসাসহ বিভিন্ন সবজি ক্ষেতে, যা এখনো পানিতে নিমজ্জিত। কৃষি বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। পানি সরে গেলে প্রকৃত ক্ষতির পরিমাণ এবং এর আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব হবে, যার জন্য কয়েকদিন সময় লাগতে পারে।

সর্বশেষ - জাতীয়

অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বিমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে ব্যর্থ

৫% বাড়িভাড়া প্রত্যাখ্যান, খালি প্লেটে ভুখামিছিল শিক্ষকদের

নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজারের বেশি জনবল নিয়োগ

সিলেটে পৃথক স্থানে গৃহবধূ ও ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

ভালুকায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার আশঙ্কায় শতাধিক চরবাসী

এনসিপি ড. ইউনূসের দল, বললেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান

পলাতক হাসিনা গত ১৬ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানকে বিদায় সংবর্ধনা

জাকসু ভিপি প্রার্থী অমর্ত্যের প্রার্থিতা বাতিল